নিউজিল্যান্ড থেকে এসেই বিপিএল খেলবেন বাবর | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

বিপিএলে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হার। এরপর চোখের সমস্যায় সাকিব আল হাসানের ছিটকে যাওয়া। সবমিলিয়ে কিছুটা চাপে থাকলেও স্কোয়াডে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজমের যোগ দিতে চলায় স্বস্তিতে ফিরেছে রংপুর। বিপিএল মাতাতে নিউজিল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ইতোমধ্যে রওয়ানা দিয়েছেন তিনি।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় গড়াবে লড়াই। এই ম্যাচেই তারকা ব্যাটারকে খেলানোর কথা আছে রংপুরের।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করেছে পাকিস্তান। শেষ ম্যাচ জিতলেও পাকিস্তানকে সিরিজ হারতে হয়েছে ৪-১ ব্যবধানে। । সিরিজ খেলতে দলের সঙ্গেই নিউজিল্যান্ড ছিলেন বাবর আজম। সেখান থেকেই সোমবার বাংলাদেশের ফ্লাইট ধরেছেন বাবর। নিজের ইন্সটাগ্রামে স্টোরি দিয়ে বিষয়টি জানান দিয়েছেন এই ব্যাটার।

এদিকে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন তারা আগেই জানতেন বাবরকে দ্বিতীয় ম্যাচ থেকেই পাবেন। বাবর আসায় দলের ভারসাম্য বাড়বে বলে আশবাদী রংপুরের কোচ। বলেছেন, ‘ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবেন সে। জানেন যে বাবর আজম টি-টুয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো।’

এদিকে চোখের সমস্যার কারণে অনির্দিষ্টকালের অন্য ছিটকে গিয়েছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গেছেন তিনি। রংপুর কোচ জানালেন, সাকিবের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।’

সাকিবকে না পেলেও দল হিসেবে খেলতে চায় রংপুর। সেই প্রত্যাশা সামনে রেখে সোহেল বলেন, ‘আসলে আমরা যখন দল বানাই বা তৈরি করলাম… এটা হতেই পারে। খেলোয়াড় ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলের জেতার জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই। সেখানে দুয়েকজন খেলোয়াড় থাকবে না, ইনজুরির জন্য থাকবে না সেটা বড় খেলোয়াড় হতে পারে ছোট তারকা হতে পারে। আমরা আসলে চিন্তা করছি কিভাবে দল হিসেবে ভালো খেলতে পারি।’

বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলোতে কামব্যক করতে আশাবাদী রংপুর। বলছেন, ‘প্রথম ম্যাচে এটা হতেই পারে, অনেক দলেরই হয়। সেই টিমই ভালো যারা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। প্রথম ম্যাচে আমাদের কোথায় কোথায় ঘাটতি ছিল সেগুলো বের করে এই ম্যাচে নামার চেষ্টা করতেছি। আমরা আসলে ওই জায়গাগুলো কাভার করে আবার জায়গায় ফিরতে পারি। তো যেটা গত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করছি না। আমরা আসলে কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। আমি আশাবাদী আমার ছেলেরা ভালোভাবে ব্যাক করবে।’

Scroll to Top