মাশহুন জাহান মুগ্ধর পৃথিবী নিস্তব্ধতায় ভরা। বৃষ্টির টুপটাপ শব্দ কিংবা রাস্তায় গাড়ির তীব্র হর্ন কোনোটিই তাঁর কানে কোনো সাড়া তোলে না। তবে শব্দহীন এক জগতে থেকেও নিজের এক জগৎ রাঙিয়ে যাচ্ছেন এই তরুণী।
সেই রং ছড়াচ্ছেন শাড়িতে; কখনো ব্লকে, কখনো তুলিতে। তাঁর ওপর ভিত্তি করেই ঢাকার সিপাহীবাগে চলছে একটি বুটিক হাউস, নাম তার মম ফানুস। মাত্র তিন কক্ষের একটি ভাড়া বাসায় চলে বুটিক হাউসটি, পাঁচজন কর্মী নিয়ে। সেখানে তৈরি হয় অলকানন্দা, বনলতা, পদ্ম বা চিত্রলেখা।
মম ফানুসে যত পোশাক তৈরি হয়, তার সব কটির নকশা হয় মুগ্ধর হাতে। যে ব্লকে ছাপ দেওয়া হয়, তার নকশাগুলোও তাঁরই করা। তিনি কাগজে এঁকে দেখিয়ে দেন, সে অনুযায়ী কাঠ কেটে বানানো হয় ডায়াস। হাতে রং করা পোশাকের গায়ের প্রতিটি তুলির আঁচড় মুগ্ধ নিজে করে থাকেন।



