নারীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু – DesheBideshe



ঢাকা, ১৮ আগস্ট – সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে এই বাস সার্ভিসের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুট সংযুক্ত করে এই বিশেষ বাসগুলোর গন্তব্য নির্ধারণ করা হয়েছে।

মোট ১০টি ডিপো থেকে বিআরটিসির এই সিগনেচার গোলাপি রঙের মহিলা বাসগুলো চলাচল করবে। ডিপোগুলো হলো মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, জোয়ারসাহারা, গাজীপুর, বগুড়া এবং চট্টগ্রাম বাস ডিপো। যাত্রীদের সুবিধার্থে বাসগুলো নির্দিষ্ট কিছু স্টপেজে যাত্রী ওঠানামা করাবে।

এর মধ্যে নতুন বাজার থেকে মতিঝিল রুটে কোকাকোলা, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল ও গুলিস্তানে বাস থামবে। তালতলা থেকে মতিঝিল রুটে খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর ও সচিবালয় এলাকায় যাত্রীরা এই সেবা পাবেন।

এছাড়া ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও রুটে সায়েদাবাদ, ওয়ারী ও মৎস্য ভবন হয়ে বাস চলাচল করবে। মিরপুরের বিভিন্ন রুট থেকেও মতিঝিল অভিমুখে এসব বাস চলবে। ১২ ও ১০ নম্বর মিরপুর থেকে টেকনিক্যাল, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও ফার্মগেট হয়ে বাসগুলো গন্তব্যে পৌঁছাবে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী বাসগুলো চাষাঢ়া, সাইনবোর্ড, শনির আখড়া ও টিকাটুলি হয়ে মতিঝিলে আসবে। মোহাম্মদপুর রুটের বাসগুলো ঝিগাতলা, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড হয়ে কমলাপুর পর্যন্ত যাতায়াত করবে। এছাড়া আবদুল্লাহপুর ও গাজীপুর থেকেও বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরে বগুড়ার শেরপুর থেকে মাটিডালী এবং চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটেও এই সেবা চালু করা হয়েছে। বিআরটিসি কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬



Scroll to Top