
ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নারীদের জন্য শুধু আলোচনা নয়, বাস্তব ও কার্যকর সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির আয়োজনে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
জাইমা রহমান বলেন, আমরা ভিন্ন ধরনের একটি দেশ গড়তে চাই। সে জন্য মানুষের চিন্তাভাবনার জায়গায় পরিবর্তন আনতে হবে।
পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি শক্ত পাইপলাইন তৈরি করতে হবে এবং সেটি ধরে রাখতে হবে। তা না হলে নারীদের জন্য সুযোগ-সুবিধা থাকবে না, ফলে ভালো নেতৃত্বও সামনে আনা সম্ভব হবে না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি করার পাশাপাশি সেটি টিকিয়ে রাখাও জরুরি। একই সঙ্গে নারীদের প্রতি যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, তা দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে নারীদের রাজনীতিতে অংশগ্রহণে যে বাধা রয়েছে, তা কমে আসবে।
তিনি আরও বলেন, কারও যদি এগিয়ে বড় হওয়ার সুযোগ না থাকে, তাহলে সে কীভাবে নিজেকে গড়ে তুলবে। আমরা দেখি, পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ক্ষেত্রে তা অনেক সময় থাকে না। নীতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে ধারণা না থাকলে কেউ বুঝতেও পারবে না কোন পথে এগোনো উচিত। তালগাছের ছায়ার মতো যদি পাশে কেউ না থাকে, তাহলে যেমন ছোট গাছ টিকে থাকতে পারে না, তেমনি নারীদেরও সেই সহায়তা দেওয়া হয় না। সবকিছু শুধু পুরুষরাই করবে— এমন নয়; নারীদের জন্যও সমান সুযোগ-সুবিধা থাকতে হবে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬




