খোঁজ নিয়ে জানা গেছে, ফেরি বন্ধ থাকায় আজ শনিবার দুপুর একটা পর্যন্ত আরিচা ঘাট এলাকায় বিভিন্ন পণ্যবাহী শতাধিক যানবাহন আটকে পড়ে। তবে ফেরি বন্ধ থাকায় অনেক যানবাহন ঘুরে গিয়ে যমুনা সেতু হয়ে গন্তব্যে যাচ্ছে। একইভাবে কাজিরহাট এলাকায়ও শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেল নিয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রাকচালক আবদুর রহিম। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আরিচা ঘাট এলাকায় আসেন তিনি। ফেরি বন্ধ থাকায় বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চিন্তা করছেন বলে আজ সকালে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই নৌপথে পাবনায় যেতে খরচ ও সময় কম লাগে। এ কারণে সহজে যাতায়াত করা যায় বলে আমরা এই নৌপথ ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি।’



