ভারতে বক্স অফিসে নতুন ছবিগুলোর লড়াই জমে উঠেছে। সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ প্রথম সোমবারের আয়ে পেছনে ফেলেছে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’কে। অন্যদিকে মুক্তির প্রায় দুই মাস পরও চমক দেখাচ্ছে ‘হনুমান অংশ’। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। একই সময়ে ‘মির্জাপুর দ্য মুভি’ ও পুনর্মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর বক্স অফিসের হিসাবও আলোচনায় রয়েছে।
প্রথম সোমবারেও শক্ত অবস্থানে ‘দ্য বন’
সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সমালোচক ও দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। প্রথম সোমবারেও ছবিটির আয় ছিল ইতিবাচক।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। চার দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ রুপিতে। বিশ্বব্যাপী সংগ্রহ ৫০ কোটি ৩৫ লাখ রুপি।
দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

প্রথম সোমবারেই ধাক্কা ‘দ্য প্যারাডাইস’-এর
নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পাঁচ দিন পার করেছে। তবে প্রথম সোমবার ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন ছবিটি আয় করেছে ৫ কোটি রুপি।
সব মিলিয়ে শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিটির ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি। নানি ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালী কুলকার্নি ও রাঘব যুয়াল।
৫৩ দিন পরও ছুটছে ‘হনুমান অংশ’
মুক্তির ৫৩ দিন পরও বক্স অফিসে দাপট ধরে রেখেছে নীম করৌলি বাবার জীবন অবলম্বনে নির্মিত ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৩৮৭ কোটি ১৭ লাখ রুপি। সোমবারও ছবিটির ঝুলিতে যোগ হয়েছে ২ কোটি ৩৫ লাখ রুপি।
বিশ্বব্যাপী ‘হনুমান অংশ’-এর মোট আয় দাঁড়িয়েছে ৪০৪ কোটি ২৫ লাখ রুপিতে। বিশাল চতুর্বেদী পরিচালিত ছবিতে নীম করৌলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। আরও আছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে ৭ আগস্ট।

কেমন চলছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’
সাত বছর পর নতুন নামে আবার ভারতের প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেলের জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে পুনর্মুক্তির পর চার দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ৮০ লাখ রুপিতে।
প্রথম দিন ৮ কোটি ৬৮ লাখ রুপি দিয়ে যাত্রা শুরু করা ছবিটি সোমবার, অর্থাৎ মুক্তির চতুর্থ দিনে আয় করেছে ২ কোটি ৮০ লাখ রুপি।
কমছে ‘মির্জাপুর দ্য মুভি’র আয়
৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মির্জাপুর দ্য মুভি’ প্রেক্ষাগৃহে ২৫ দিন পার করেছে। আলি ফজল, দিব্যেন্দু শর্মা, রসিকা দুগ্গল ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবিটির দৈনিক আয় এখন অনেকটাই কমে এসেছে।
সোমবার ছবিটি আয় করেছে ৬০ লাখ রুপি। এতে ভারতের বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৭ কোটি ৬৫ লাখ রুপিতে। ‘মির্জাপুর দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং।

