সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে আমিনুর শাহ নামের এক কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম। তিনি জানান, আমিনুর শাহকে আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর শাহ শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের চান মিয়া বয়াতির ছেলে। গত রোববার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একটি পোস্ট করেন। অল্প সময়ের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে।
এরপর সোমবার রাতে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। তবে পরদিন সকালে বিষয়টি পুলিশকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আমিনুর শাহর বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ থানায় স্থানীয় গ্রাম-পুলিশ মো. আলাউদ্দিন মামলাটি দায়ের করেন।



