
তীরনই নদী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক দুটি স্থানে নদীতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে এহেসান (৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে কাউসার (৫)।
অপর নিহত শিশু হলো ভূল্লী উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোড (মন্ডলপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসাইন আহমেদ (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাণীশংকৈলের জগদল বস্তি গ্রামে এহেসান ও কাউসার নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজনই তীরনই নদীতে পড়ে ভেসে যায়। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে একই দিন দুপুরে ভূল্লীর শুখান পুখুরী এলাকায় বন্ধুদের সঙ্গে পাশের ভূল্লী নদীর বাংরোড স্লুইসগেটে গোসল করতে যায় পাঁচ বছরের শিশু হোসাইন আহমেদ। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় সে। পরবর্তীতে তাকে নদী থেকে উদ্ধার করা হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক
এটিএম সামসুজ্জোহা
ঠাকুরগাঁ প্রতিনিধি (চ্যানেল আই)
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…