‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য থেকে বিশেষ ক্রীড়া প্রতিভা শনাক্ত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নির্বাচিত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শ করা হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

Scroll to Top