কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ধারে ফিশারিঘাটে নোঙর করা নৌকায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন কয়েকজন জেলে। নৌকার পাটাতনে গোল হয়ে বসা জেলেদের সঙ্গে আলাপ জমে ওঠে। ডাল, ভাত, সবজির তরকারি ছিল খাবারের তালিকায়। জেলে আনোয়ার জানালেন, গত এক সপ্তাহ সাগরে গিয়েও প্রায় খালি হাতে ফিরেছেন তাঁরা। কিছু ছোট মাছ পেলেও সেগুলো বিক্রি করে দিয়েছেন। অন্য সময় ভালো মাছ ধরা পড়লে তাঁরা খাওয়ার জন্য কিছু রেখে দেন। এবার তা রাখা যায়নি। তাই সবজি আর ডাল দিয়ে খেতে হচ্ছে।
তবে খাবার নিয়ে কোনো আক্ষেপ দেখা গেল না কারও মধ্যে। জেলেরা জানালেন, নিজেদের নিয়ে ভাবনা নেই তাদের। পরিবার নিয়ে সামনের কয়েক মাস কীভাবে চলবেন, তা নিয়েই দুর্ভাবনা। জেলে আনোয়ার হোসেন (২৫) বলেন, গত পাঁচ মাস ধরে ধারদেনা করে সংসার চালাচ্ছেন। এই মৌসুমে মাছ বিক্রি করে শোধ দেবেন ভেবেছিলেন। কিন্তু মৌসুম শেষ হতে চলেছে। ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন অর্থাৎ প্রায় দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হবে।



