দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে ঝুঁকিতে আরও ১০ জেলা – DesheBideshe

দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে ঝুঁকিতে আরও ১০ জেলা – DesheBideshe


দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে ঝুঁকিতে আরও ১০ জেলা – DesheBideshe

ঢাকা, ১১ জুলাই – টানা কয়েকদিনের ভারী ও অতি ভারী বর্ষণে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নদী সংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চল। এই পরিস্থিতিতে নতুন করে আরও ১০টি জেলায় বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই কংস নদী অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে কমতে পারে। এতে সংশ্লিষ্ট জেলাগুলোর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

বর্তমানে দেশের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যাকবলিত অবস্থায় রয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, নীলফামারী ও গাইবান্ধাসহ মোট ১২টি জেলা বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Scroll to Top