
ঢাকা, ২২ আগস্ট – স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।
সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ল্যাবে নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় যে শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এর পরেই রয়েছে সিলেট বিভাগ যেখানে মৃত্যুর সংখ্যা ১৩৯ জন।
অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, রাজশাহীতে ৯২, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
অধিদপ্তর আরও জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮১৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ৭৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগীর মোট সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশে বর্তমানে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জন এবং ল্যাবে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে।
এনএন/ ২২ আগস্ট ২০২৬


