দেশে ফিরেছে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

দেশে ফিরেছে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সোমবার কাঠমান্ডুর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে দেশের পথে রওনা দেয় ফুটবল কন্যারা, বাংলাদেশ সময় দুপুর ২টার পর তাদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে।

বাংলাদেশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং শিক্ষার্থী ও গবেষকদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৬’র নিচে যারা, তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদেরকে ডাকব। প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করব।’

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লক্ষ্য অটুট রেখে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়। গোলরক্ষক ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে বাংলাদেশ। আসরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয়।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। বলেছিলেন, ‘আমাদের দল বেশিদিনের দল না। মাত্র দুই মাসের একটা দল। তারপরও আমরা পারফর্ম করছি। সবাই ভালো করছে। আমি দলের অধিনায়ক হিসেবে বলছি, আমার দল ভালো কিছুই করবে। মেয়েরা এতদিন কঠিন পরিশ্রম করেছে। ফাইনালে তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে।’

Reneta April 2023

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০তে হারিয়ে শুভ সূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।

Scroll to Top