দেশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস: ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা – DesheBideshe

দেশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস: ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা – DesheBideshe


দেশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস: ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা – DesheBideshe

ঢাকা, ২০ এপ্রিল – দেশের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে জনজীবনে গরমের তীব্রতা অনেক বেড়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই গরমের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হয়ে ২৫ ও ২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের একটি বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা বিডব্লিউওটি সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেতে পারে।

এ সময় দেশের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাজশাহী, নাটোর, খুলনা, টাঙ্গাইল, চাঁদপুর ও কুমিল্লাসহ প্রায় ৩০টি জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এমন পরিস্থিতিতে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। রোদের তীব্রতা বেশি থাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো।

এছাড়া শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা এবং ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬



Scroll to Top