
ঢাকা, ৩০ মার্চ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান। জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে এক অস্থির সময় অতিক্রম করছে।
আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। এই অভিঘাত বাংলাদেশের ওপরও পড়েছে। তবে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে সরকার সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। বর্তমান সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের সময় দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন।
বর্তমানে সেই মজুত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টন। মন্ত্রী আরও জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে মোট ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে। এই বিপুল পরিমাণ সরবরাহের পরও মজুত বৃদ্ধি প্রমাণ করে যে, সরকার আগাম প্রস্তুতি হিসেবে ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনা দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬





