দেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe

দেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe


দেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe

ঢাকা, ১ আগস্ট – সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ ৩ ও ৪ আগস্ট থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির পরিধি ও প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, ৩ আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের এই পর্যায়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top