দৃশ্যে বাস্তবতা আনতে নিজেকে জখম করেছিলেন রণবীর

দৃশ্যে বাস্তবতা আনতে নিজেকে জখম করেছিলেন রণবীর

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর সিং। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে ভক্ত—সবাই এখন তাঁর প্রশংসায় মুখর। ছবিতে চরিত্রের প্রতি তাঁর নিবেদন নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন নির্মাতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান। এবার ভারতের আরেক নির্মাতা অনুরাগ কশ্যপ জানালেন, ক্যারিয়ারের শুরু থেকেই চরিত্রের প্রতি রণবীরের এই নিবেদন ছিল, বিশেষ করে ২০১৩ সালের ছবি ‘লুটেরা’র একটি ঘটনার কথা সামনে এনেছেন তিনি।

‘লুটেরা’ সিনেমার দৃশ্যে রণবীর সিং

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘ধুরন্ধরের শুটিংয়ে রণবীরের নিবেদন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু ‘‘লুটেরা’’ সিনেমার দৃশ্যে বাস্তব অনুভূতি দিতে আরও বড় ঝুঁকি নিয়েছিলেন রণবীর।’

অনুরাগ কশ্যপ আরও বলেন, ‘ক্লাইম্যাক্সে রণবীরের চরিত্র গুলিবিদ্ধ হয়, সেই দৃশ্যটা বাস্তব করে তুলতে তিনি চুপিসারে নিজের পেটে ক্লিপ লাগিয়েছিলেন, যাতে ব্যথাটা অনুভব করতে পারেন। এতে পরিস্থিতি এমন হয় যে তাঁকে হাসপাতালে নিতে হয়েছিল। এত কষ্টের পরও তিনি কাউকে কিছু বলেননি, কাজ চালিয়ে গেছেন।’

অনুরাগ কশ্যপ। নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

১৯৫০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘লুটেরা’ একটি রোমান্টিক ড্রামা। এখানে রণবীর সিং অভিনয় করেছেন ভরুণ শ্রীবাস্তব চরিত্রে, যিনি এক উচ্চাভিলাষী তরুণ লেখিকা পাখি রায় চৌধুরীর (সোনাক্ষী সিনহা) সঙ্গে প্রেমে জড়ান। তবে পরে পাখি জানতে পারেন, ভরুণ আসলে একজন প্রতারক।

ভালোবাসা, হৃদয়ভঙ্গ, প্রতারণা আর ছলনার গল্প নিয়ে তৈরি এই ছবি রণবীর ও সোনাক্ষীর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয়। ও. হেনরির ১৯০৭ সালের ছোটগল্প দ্য লাস্ট লিফ অবলম্বনে ছবিটি নির্মিত।

‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর। আইএমডিবি

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’–এর জয়রথ
২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছিল। আর এর সিকুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে। ১৯ মার্চ মুক্তি পাওয়া ছবিটি একাধিক ভাষায়—হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালমে প্রদর্শিত হচ্ছে। স্যাকনিল্কের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ১২ হাজার ৪১৮টি শো থেকে ছবিটি আয় করেছে ৭ কোটি ১৫ লাখ রুপি।

এ পর্যন্ত ছবিটির মোট গ্রস আয় পার করেছে ১ হাজার ৬৬৫ কোটি রুপি, যার মধ্যে ভারতের নিট আয় হাজার কোটি রুপি ছাড়িয়েছে।

এনডিটিভি অবলম্বনে

Scroll to Top