দুর্নীতির মামলায় দেশ ছাড়তে গিয়ে গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী – DesheBideshe

দুর্নীতির মামলায় দেশ ছাড়তে গিয়ে গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী – DesheBideshe

দুর্নীতির মামলায় দেশ ছাড়তে গিয়ে গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী – DesheBideshe

কিয়েভ, ১৬ ফেব্রুয়ারি – দেশ ছাড়ার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো।

দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা তাকে আটক করেন। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “আজ রোববার গোপনে দেশত্যাগের সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত ও সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।”

গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ একজন মন্ত্রী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে আয় করে তা বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

তার বিরুদ্ধে অভিযোগ আছে, অর্থের বিনিময়ে নিজের প্রভাব ব্যবহার করে তিনি ইউক্রেনের জ্বালানি খাতে ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দেন। এছাড়া ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশটির সব পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে যেকোনো চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগ ওঠার পর গত নভেম্বরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর গতকাল দেশ ছাড়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, গেরমান গালুশচেঙ্কোও তাদের একজন।

দুর্নীতি ইউক্রেনের সরকারি প্রশাসনের বড় একটি সমস্যা। মূলত এ কারণেই ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি এখনো ঝুলে রয়েছে।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top