দিল্লিতে নারী আন্দোলনকারীকে পুলিশ কর্মকর্তার থাপ্পড়: হাইকোর্টের কঠোর নির্দেশনা – DesheBideshe

দিল্লিতে নারী আন্দোলনকারীকে পুলিশ কর্মকর্তার থাপ্পড়: হাইকোর্টের কঠোর নির্দেশনা – DesheBideshe


দিল্লিতে নারী আন্দোলনকারীকে পুলিশ কর্মকর্তার থাপ্পড়: হাইকোর্টের কঠোর নির্দেশনা – DesheBideshe

নয়াদিল্লি, ২৩ জুলাই – ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র পার্লামেন্ট অভিযানকে কেন্দ্র করে পুলিশি বর্বরতার অভিযোগে রাজনৈতিক ও আইনি অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। গত ২০ জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক নারী আন্দোলনকারীকে থাপ্পড় মারার অভিযোগে দিল্লি পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসিপি) সন্দীপ লাম্বাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলো সংসদ অভিযানের সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এই পুলিশি সহিংসতার বিষয়টি বর্তমানে দিল্লি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। বুধবার এক জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতকে জানান যে শান্তভাবে দাঁড়িয়ে থাকা এক নারীকে প্রকাশ্য দিবালোকে চড় মেরেছেন ওই পুলিশ কর্মকর্তা।

ভিড় হটাতে নিয়ম অনুযায়ী ওয়াটার ক্যানন ব্যবহার না করে পুলিশ সরাসরি টিয়ার গ্যাসের শেল এবং লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ করা হয়। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ পুলিশি পদক্ষেপ সংক্রান্ত সমস্ত নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

একইসাথে কেন্দ্রীয় সরকার ও মানবাধিকার কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে সাবেক তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলেও ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

মে মাসে অভিজিৎ দীপকে নামক এক তরুণের হাত ধরে যাত্রা শুরু করা স্যাটায়ারিক্যাল সংগঠন ককরোচ জনতা পার্টি বর্তমানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলন এখন ভারতের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও শিক্ষার্থীদের দাবির সমর্থনে অনশন পালন করেছেন।

এস এম/ ২৩ জুলাই ২০২৬



Scroll to Top