দলের সাফল্যে নিজের অবদান দেখছেন না তামিম, কৃতিত্ব দিলেন শান্ত-সিমন্সদের | চ্যানেল আই অনলাইন

দলের সাফল্যে নিজের অবদান দেখছেন না তামিম, কৃতিত্ব দিলেন শান্ত-সিমন্সদের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। তার দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। দলের এমন সাফল্যে নিজের কোন অবদান দেখছেন না তামিম। বরং কৃতিত্ব দিলেন খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টের।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র জমা দেন তামিম। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন বিসিবি প্রধান।

বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট দারুণ করছে। এখানে আমার অবদান নেই। আমি হয়তোবা আমি অন্য দায়িত্বগুলা দেখছি। দল নিয়ে আমার ইনপুট নেই, মাথাও ঘামাই না। মাঠে যারা জড়িত সব কৃতিত্ব তাদের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবাই। ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার… এটা তাদের সাফল্য। কৃতিত্ব তাদেরই পাওয়া উচিৎ।’

এমনকি ক্রিকেট দল নিয়ে নিজের কোনো মতামতও দেন না তামিম। নিজের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না বা এসব নিয়ে মাথা ঘামাই না। আমার দায়িত্ব ভিন্ন এবং ওগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে রয়েছে বিসিবির নির্বাচন। এ নিয়ে তামিম বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের অতিথি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে এবং উনারা তাদের কাজগুলো করবেন, নির্বাচন নির্বাচনের মতো হবে। আমার কাছে মনে হয় না এটাতে বেশি সমস্যা হবে।’

Scroll to Top