দক্ষ বিদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা শেষ হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে – DesheBideshe

দক্ষ বিদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা শেষ হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে – DesheBideshe


দক্ষ বিদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা শেষ হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে – DesheBideshe
প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে সৌদি আরব

রিয়াদ, ০৭ অক্টোবর-প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে সৌদি আরব। এখন দেশটিতে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মাধ্যমে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে দেশটির সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন। আবেদনের সব প্রয়োজনীয়তা ও শর্ত পূরণ করা হলে, উচ্চ দক্ষ কর্মীর কর্মসংস্থান ভিসা প্রক্রিয়াকরণের পাশাপাশি যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসাও দেওয়া যেতে পারে।

নতুন এই নিয়মের ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ পাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই দেওয়া যাবে। তবে এর জন্য আবেদনের সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার আগে নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

এস এম/ ০৭ অক্টোবর ২০২৬

 

Scroll to Top