বিশ্বকাপ খেলতে আসা ঘানা দলের অন্যতম সদস্য থমাস পার্টিকে কানাডায় ঢুকতে দেবে না দেশটির সরকার, ভিসা প্রত্যাখ্যান করেছে আগেই। এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিল ঘানা সরকার। এবার সিদ্ধান্তটির বিরুদ্ধে কানাডার একটি কোর্টে আপিল করেছে ঘানার সরকার।
মঙ্গলবার কানাডার একটি কোর্টে ঘানার আপিলের শুনানি হয়। আর্সেনালের সাবেক তারকা থমাস পার্টির বিরুদ্ধে ব্রিটেনে ধর্ষণের অভিযোগে বিচার চলমান। টরন্টোয় পানামার বিপক্ষে বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকার দেশ ঘানা।
বিশ্বকাপ খেলতে ঘানা ফুটবল দল ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাদের অনুশীলন ক্যাম্প করেছে বোস্টন শহরে। ব্লাক স্টারস টরন্টো শহরে তাদের গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলবে। ভিসা জটিলতায় খেলতে না পারার সম্ভাবনাই বেশি থমাসের।
ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্টির ভিসা প্রত্যাখ্যান ইস্যুর বিবৃতিতে জানিয়েছিল, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী ঘানার ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’র গুরুত্বপূর্ণ সদস্য থমাস পার্টির ভিসা আবেদন প্রত্যাখ্যান করার মতো কানাডার স্বৈরাচারী ও অন্যায্য সিদ্ধান্তের বিষয়ে ঘানা সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করছে।’
গত বছরের জুলাইতে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ থমাস পার্টির বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও যৌন নিপীড়ন অভিযোগ আনে। এ বছরের ফেব্রুয়ারিতে ৩২ বর্ষী তারকার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দায়ের করা হয়। পার্টি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচারের অপেক্ষা করছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।




