তৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন ভক্ত আহত

তৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন ভক্ত আহত

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

তৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন ভক্ত আহততৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন ভক্ত আহত

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের উপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ।

এ ঘটনায় আহত হন অন্তত তিনজন বাউল ভক্ত। তারা হলেন- শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। এছাড়া হামলার শিকার আরো কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে বাউল ভক্তদের উপর হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”

এর আগে সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের উপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।

কারাগারে যাওয়া আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

Scroll to Top