তেহরানে বইছে ‘আগুনের নদী’ | চ্যানেল আই অনলাইন

তেহরানে বইছে ‘আগুনের নদী’ | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরান যুদ্ধের নবম দিনে দেশটির তেল স্থাপনাগুলোকে প্রথমবারের মতো লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরান ও আশপাশের আলবোরজ প্রদেশের শাহরান, আগদাসিয়াহ, কারাজসহ একাধিক তেল ডিপো ও শোধনাগারে বিমান হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

আল জাজিরা জানিয়েছে, রোববার (৮ মার্চ) তেহরানের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, রাতের আকাশ রক্তাভ হয় এবং তেল নালা দিয়ে প্রবাহিত হয়ে ‘আগুনের নদী’ তৈরি হয়। ইরানের তেল মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় মিডিয়া এই হামলায় অন্তত ৪ থেকে ১০ জন নিহতের খবর দিয়েছে, যা যুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে।

ইরানের আইআরজিসি মার্কিন স্বার্থকে প্রধান লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে। জ্বালানি হামলা অব্যাহত থাকলে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছে। তেহরানে জ্বালানি সরবরাহ সীমিত করে দিনে ২০ লিটার করা হয়েছে। বিষাক্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে রেড ক্রিসেন্ট।

এদিকে, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলায় সৌদি আরব, কুয়েত, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন আক্রমণ চালানো হয়েছে, যাতে বেশ কয়েকজন নিহত হয়। ইসরায়েলের তেল আবিব ও হাইফায়ও হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তেল স্থাপনায় হামলা ইসরায়েলের, তাদের পরিকল্পনা নয়। ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চালাচ্ছে। যুদ্ধ মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে, লেবাননে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষ চলমান।

Scroll to Top