তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ – DesheBideshe

তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ – DesheBideshe

তেহরানে জ্বালানি গুদামে হামলার পর ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ – DesheBideshe

তেহরান, ৮ মার্চ – ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলার ঘটনার পর শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। এর জেরে রবিবার সকালে আকাশ থেকে অদ্ভুত প্রকৃতির ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ঘুম থেকে ওঠার পর তেহরানের বহু বাসিন্দা এই অস্বাভাবিক দৃশ্য প্রত্যক্ষ করেন।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানির রং স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং এতে তেলের মতো চটচটে পদার্থ মিশ্রিত রয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বৃষ্টির পানি অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে এবং এটি সম্ভবত তেল বা ধোঁয়ার কণায় পরিপূর্ণ। তিনি মন্তব্য করেন যে বৃষ্টির পানি দেখে মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা তেলের সঙ্গে মিশে গেছে।

এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তেহরানের কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, হামলার ফলে জ্বালানি স্থাপনাগুলোতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পরিবেশে তেলের কণা ছড়িয়ে পড়ে এবং সেই কণার প্রভাবেই তেহরানে এমন কালো বৃষ্টিপাত হচ্ছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top