
কাম্পালা, ১২ এপ্রিল – তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চেয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি এই দাবি করেন। একই সঙ্গে দাবি না মানলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।
উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে মুহুজি কেইনেরুগাবা তার পোস্টে উল্লেখ করেন, আঞ্চলিক নিরাপত্তায় উগান্ডার যে অবদান রয়েছে তা কখনোই সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এই নিরাপত্তার বিনিময়ে তুরস্ককে এক বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ না দিলে উগান্ডার রাজধানীতে অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্ক যদি উগান্ডার দূতাবাস বন্ধ করে দেয়, তাতেও কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।
এক্সে দেওয়া ধারাবাহিক পোস্টে মুহুজি আরও লেখেন, তিনি তুরস্কের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না। তবে উগান্ডার সেনাবাহিনী যিশু এবং মোহাম্মদ আলির আদর্শে অনুপ্রাণিত, তাই তুরস্কের বাঁচার কোনো সুযোগ নেই।
এক বিলিয়ন ডলারের পাশাপাশি তিনি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ের শর্ত জুড়ে দেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যে তাকে ইস্তাম্বুলে বীর হিসেবে বরণ করে নেওয়া হবে এবং সেখানে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উদ্ভূত পরিস্থিতিতে তিনি উগান্ডার সব নাগরিককে তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬





