ভালো যাচ্ছে না চেলসির মৌসুম, বছরের প্রথমদিন তাদের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন এনজো মারেসকা। এক সপ্তাহের মধ্যে ছয় বছরের চুক্তিতে লিয়াম রোজেনিয়ারকে নিয়োগ দিয়েছিল লন্ডনের ক্লাবটি। তিন মাস পেরোতেই এ ইংলিশ কোচকে বরখাস্ত করল ব্লুজরা।
ক্লাবের বাজে ফর্মের কারণে চেলসি রোজেনিয়ারকে বরখাস্ত করেছে। মৌসুমের বাকি অংশ ক্যালাম ম্যাকফারলেনকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে তারা।
ইংলিশ গণমাধ্যমে খবর, চেলসি এখনও পূর্ণকালীন পদের জন্য কোন প্রার্থীর সাথে যোগাযোগ শুরু করেনি। আগামী গ্রীষ্মে রোজেনিয়ারের স্থায়ী উত্তরসূরি নিয়োগ দেবে।
মঙ্গলবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর দায়িত্বের তিন মাসের কিছু বেশি সময়ের মধ্যে রোজেনিয়ারকে বরখাস্ত করা হযল। এই হারের মাধ্যমে প্রিমিয়ার লিগে গোল না করে টানা পঞ্চম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মধ্যে চেলসির সপ্তম পরাজয় এসেছে।
চেলসি প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে এবং ইতিমধ্যে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের আশা প্রায় শেষ ক্লাবটির। ক্লাবটি মনে করছে, ইউরোপীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য এবং রোববার লিডসের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালের গুরুত্বের কারণে প্রধান কোচ পরিবর্তন করা প্রয়োজন ছিল।
৪১ বর্ষী এ কোচ চেলসির যেকোনো স্থায়ী প্রধান কোচের মধ্যে সর্বনিম্ন জয়ের শতাংশ নিয়ে ক্লাব ছাড়ছেন। রোজেনিয়ারের অধ্যায়টি অবশ্য বেশ ভালোভাবে শুরু হয়েছিল, দায়িত্বে নেয়ার পর প্রথম সাত ম্যাচের মধ্যে ছয়টিতে তিনি জিতিয়েছিলেন চেলসিকে।





