বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য ২৮ জনকে নিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এবার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। গত চুক্তিতে শীর্ষে থাকা অভিজ্ঞ ডানহাতি পেসার তানকিন আহমেদের বেতন ও ক্যাটাগরি দুটোই কমেছে।
২০২৫ সালে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ছিলেন তাসকিন। বেতন ছিল ১০ লাখ টাকা। এবার তিন সংস্করণের তিন অধিনায়কের সাথে একমাত্র তাসকিনকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটাই নতুন চুক্তির শীর্ষ স্থান। এতে ৮ লাখ টাকা বেতন পাওয়ায় বেতন ও ক্যাটাগরি দুটোই কমেছে তার।
গতবছর সাকিব আল হাসানকে চুক্তি থেকে বাদ দেয়া হয়েছিল। এবার চুক্তির আগে বাংলাদেশ দলে ফিরিয়ে আনার কথা জোরেশোরে শোনা গেলেও রাখা হয়নি তাকে। তবে গতবছর বাদ পড়া নুরুল হাসান সোহান, নাঈম হাসানকে এবছর চুক্তিতে রাখা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত এক বছরের জন্য চুক্তি কার্যকর থাকবে। প্রথমবার চুক্তিতে এসেছেন ওপেনার সাইফ হাসান। মাসিক ৬ লাখ বেতনে ‘বি’ ক্যাটাগরি, ৪ লাখ বেতনে ‘সি’ ক্যাটাগরি ও ২ লাখ বেতন রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরির জন্য।

