Last Updated:
Dhaki Earning : বাড়তি রোজগারের আশায় পুজোয় ঘর ছাড়বেন ঢাকিরা। যাবেন ভিন রাজ্যে। কিন্তু যদি বাইরে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়? কুঁড়েকুঁড়ে খাচ্ছে ভয়।
শেষ মুহূর্তের প্রস্তুতি।
তমলুক, সৈকত শী : ঢাক ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। ঢাকের বোল দুর্গাপুজোর আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিবছর দুর্গাপুজো এলেই তাই বাংলার জেলায় জেলায় ঢাকিপাড়ায় দেখা যায় ঢাক বাঁধাই ও ঢাকের পরিচর্চা করার প্রস্তুতি। এ বছরও তাতে ছাড় নেই। তবে এবার ঢাকি পাড়ার ঢাকিরা যেন কিছুটা উদ্বিগ্ন ও উৎকণ্ঠায়। বিশেষ করে যারা রাজ্য ছেড়ে ঢাক বাজাতে ভিন রাজ্যে যান। বাড়তি লাভের আশায় প্রতিবছর ভিন রাজ্যের দুর্গাপুজোগুলিতে ঢাক বাজাতে যান পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ঢাকিরা।
এবারেও পেটের টানে ভিন্ন রাজ্যে পাড়ি দেবেন তাঁরা। কিন্তু ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের নির্যাতনের ঘটনা কিছুটা উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রেখেছে তাঁদের। ঢাকের বোলে জীবন চলে। কথাটা ঢাকিদের কাছে অক্ষরে অক্ষরে সত্যি। ঢাকিরা মুখিয়ে থাকেন, উৎসব কবে শুরু হবে, কবে হাতে লক্ষ্মী আসবে। কারণ ঢাকের বোল ফুটলে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে ওঠে। পাশাপাশি, সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারে জোয়ার আসে। পরিবার, স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় ভিন রাজ্যে পাড়ি দেন ঢাকিরা।
পরিবারের মুখে দু’মুঠো খাওয়ার তুলে দিতে পুজোর পাঁচটা দিন পরিবারের লোকদের ফেলে পাড়ি দিতে হবে ভিন রাজ্যে। এমন পরিস্থিতি অধিকাংশ ঢাকিদের পরিবার উদ্বিগ্ন। যতই বাধা বিপত্তি আসুক, পরিবারের কথা ভেবে মণ্ডপে যেতে হবে তাঁদের। কারণ পেট বড় বালাই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কেলোমাল এলাকার ঢাকিরা কেউ জেলার মধ্যে, কেউ বা রাজ্যের মধ্যে, আবার কেউ মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর সহ নেপাল ও ভুটানে দুর্গাপুজোয় ঢাক বাজাতে যান। বাড়তি রোজগারের আশায় ঘর সংসার ফেলে দুর্গাপুজোয় ঢাক বাজাতে বাইরে যায় ঢাকিরা। কারণ বাইরে ঢাক বাজাতে গেলে আয় হয় বেশি।
তবুও রাস্তার পাশে কাশফুল আগমনীর বার্তা দিচ্ছে। শরতের প্রকৃতি যেমনই হোক না কেন, উৎসবের মেজাজ বাংলা জুড়ে। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঢাকের আওয়াজ ছাড়া সম্ভব না। দুর্গাপুজো এলেই খুশির বার্তা আসে ঢাকিপাড়ায়। ভিন রাজ্য সহ নেপাল, ভুটান থেকে পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেয়েছেন। ফলে এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে উদ্বিগ্ন ও উৎকণ্ঠের মধ্য দিয়েও আবারও প্রস্তুতি সেরে নিচ্ছেন ঢাকিরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 23, 2025 11:10 PM IST



