ঢাকার ১৩টি আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো ৫৪টি – DesheBideshe

ঢাকার ১৩টি আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো ৫৪টি – DesheBideshe

ঢাকার ১৩টি আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো ৫৪টি – DesheBideshe

ঢাকা, ০৩ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনের যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৫৪টি বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ১৩টি আসনে ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে মনোনয়নপত্র জমা দেন ১৭৪ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। বাতিল করা হয়েছে ৫৪টি। একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। ১৩টি আসনেই বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, স্থগিত রাখা মনোনয়নটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের, যিনি ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। তিনি সম্পূরক হলফনামা দাখিলের জন্য সময় চাওয়ায় তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে শরফ উদ্দিন বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক তালিকায় অনিয়ম, ঋণখেলাপি সংক্রান্ত সমস্যা, হলফনামায় স্বাক্ষরের অভাব, অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত জটিলতা এবং অনুমোদিত দলীয় প্রতিনিধির স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থও হতে পারবেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ জানুয়ারি ২০২৬



Scroll to Top