বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের কোচিং স্টাফের ৫ সদস্য। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা পাকিস্তান ফিরে গেলেও প্রধান কোচ মাইক হেসনসহ তারা শ্রীলঙ্কায় থেকে যান। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে তারা।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী বুধবার। তার আগে প্রস্তুতি নিতে শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ আরও কয়েকজন স্টাফ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি টিম হোটেলে যান।
পাকিস্তান দলের ক্রিকেটাররা এখনো দেশে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তাদের। এরপর মিরপুরে অনুশীলনে নামবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল।
বাংলাদেশও ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি মিরপুরে অনুশীলন করছে। দুই দলের লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে ১১, ১৩ এবং ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, সরসারি ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।



