ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ | চ্যানেল আই অনলাইন

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানার নির্বাচন অফিসে গিয়ে ভোটার হিসেবে নাম নিবন্ধনের জন্য আবেদন করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কিছুদিন আগে একটি টকশোতে আসিফ মাহমুদ আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ঢাকা থেকে ভোট দেওয়ার বিষয়েও উল্লেখ করেন। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আরও প্রাসঙ্গিক হবে।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই এই আসনের প্রার্থী ঘোষণা করেছে, তবে বিএনপি এখনও এখানে প্রার্থী চূড়ান্ত করেনি।

এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।

Scroll to Top