টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চড়ভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মহাসড়কে কাজরত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। ওই সময় আব্দুল মোনেম লিমিটেডের সাব-ঠিকাদারের অধীনে মহাসড়কে কর্মরত শ্রমিকরা সেখানে কাজ করছিলেন।
ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



