ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডার ইয়েরাই আলভারেজ। তাতে ১০ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন স্প্যানিশ ফুটবলার।
গত মে মাসে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন ৩০ বর্ষী ফুটবলার। সোমবার তার নিষেধাজ্ঞা শাস্তির কথা জানায় উয়েফা।
বিবৃতিতে উয়েফা বলেছে, ‘অনিচ্ছাকৃতভাবে মাদক বিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ অগাস্টের সভায় উয়েফার শৃঙ্খলা কমিটি এই খেলোয়াড়কে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে। এর মেয়াদ শুরু তাকে সাময়িক নিষিদ্ধ করার দিন থেকে (অর্থাৎ ২ জুন থেকে) এবং মেয়াদ শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।’
এর আগে ২ জুন আলভারেজকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় উয়েফা। তা স্বেচ্ছায় মেনে নেন তিনি। ১০ মাসের নিষেধাজ্ঞা ২ জুন থেকে কার্যকর হয়েছে।
উয়েফার অ্যান্টি ডোপিং বিধির ১০.১৪.২ ধারা অনুযায়ী, নিষেধাজ্ঞার শেষ দুই মাসে খেলোয়াড় তার দলের সঙ্গে অনুশীলন এবং ক্লাবের সুবিধা ব্যবহার করতে পারবেন। তাতে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুশীলনে ফিরতে পারবেন তিনি।
শাস্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভারেজে লিখেছেন, ‘আমি একটি ওষুধ নিয়েছিলাম যেটি চুল পড়া প্রতিরোধে ব্যবহার হয় এবং তাতে একটি নিষিদ্ধ উপাদান ছিল। ফলে অনিচ্ছাকৃতভাবে আমি নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছি। শাস্তিমূলক প্রক্রিয়া এখনো চলমান এবং গোপনীয়তার কারণে আমি আর কোনো মন্তব্য করতে পারছি না। আমি এই পরিস্থিতির জন্য দুঃখিত, তবে ক্লাবের সমর্থনে আমি কাজ চালিয়ে যাচ্ছি, বিশ্বাস করি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারবো।’
৩০ বর্ষী এ খেলোয়াড় উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে পুরো ম্যাচই খেলেছিলেন। সে ম্যাচে অ্যাথলেটিকো ক্লাব নিজেদের মাঠে ইউনাইটেডের কাছে হারে। দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ফের হারে তারা। দুলেগ মিলে ৭-১ ব্যবধানে সেমিতেই থাকে অ্যাথলেটিক ক্লাব।




