স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। তার পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি হাসপাতালটি পরিষ্কার-পরিছন্ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
মির্জা ফখরুল জানান, হাসপাতালে মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়েছে এবং স্থান নির্ধারণও সম্পন্ন হয়েছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যা এলাকার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, হাসপাতালের সুপারকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। জেলা প্রশাসকের মাধ্যমে হাসপাতালে আরেকটি লিফট বসানোর ব্যবস্থাও করা হবে। ফখরুল আশা প্রকাশ করেন, সীমিত সম্পদ থাকলেও হাসপাতালের কর্মকর্তারা জনগণকে ভালো চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবেন।
তিনি উল্লেখ করেন, আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হয়েছে, তবে আশা করি এই সময়ের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব হবে।



