​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

​ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে গৃহবধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে উত্তেজিত জনতার হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মে দুপুরে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সিংপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আজহারুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গত বুধবার ওই গৃহবধূকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

শুরুতে কর্মসূচিটি শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে অভিযুক্ত আজহারুল ইসলামের স্বজনদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা বসতবাড়ির আসবাবপত্র, জানালার কাঁচ এবং ঘরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঠাকুরগাঁও থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

Scroll to Top