টেস্টে নতুন উচ্চতার পথে বাংলাদেশ

টেস্টে নতুন উচ্চতার পথে বাংলাদেশ

মিরপুর টেস্ট জয় শুধু পরিসংখ্যানের গল্প নয়, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিকতারও পরিবর্তনের প্রতিচ্ছবি। একসময় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস ছিল হতাশা আর আক্ষেপে ভরা। ১৩ ম্যাচে ১২ হার ও একটি ড্র, এমন বিবর্ণ রেকর্ড নিয়েই ২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। ইতিহাস বদলাতে শুরু করে সেই সফরেই। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও জয় তুলে নিয়ে তাদের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা।

বাংলাদেশ এর আগে টেস্টে টানা তিনবার হারিয়েছিল শুধু জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন সাফল্য আলাদা গুরুত্ব পাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড চার ম্যাচের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অতীত খুব বেশি উজ্জ্বল নয়। প্রথম দুটি চক্রে সবার শেষ অর্থাৎ নবম স্থানে থেকে আসর শেষ করে। তৃতীয় চক্রে অষ্টম স্থানে ছিল। এবার সুযোগ নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে আরও ওপরে ওঠার। সেই আশা জোগাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের অভিজ্ঞতা এবং অন্যান্য দলগুলোর বিপক্ষে এই ফরম্যাটে ভালো খেলার ধারাবাহিকতা। বলা যায়, বাংলাদেশ ধীরে ধীরে পরিপূর্ণ একটি টেস্ট দল হয়ে উঠছে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ জিততে পারলে শুধু ইতিহাসই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণেও বড় পরিবর্তন হবে।

সভাপতি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Scroll to Top