টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ | চ্যানেল আই অনলাইন

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ | চ্যানেল আই অনলাইন

টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপিয়ান বাছাইপর্বের চূড়ান্ত প্লে-অফে দলটি হেরেছে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে। নানা নাটকীয়তার ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্র’য়ের পর পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয় আজ্জুরিরা।

বসনিয়া ও হার্জেগোভিনার সাথে ইউরোপিয়ান বাছাইপর্বে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরও তিন দেশ। সেগুলো হল-তুরস্ক, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে সবশেষ বিশ্বকাপ নিশ্চিত করেছে দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি প্রথম দেশ হিসেবে টানা তিন বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। জেনিকায় বসনিয়া গোলকিপারের ভুলে ইতালিকে এগিয়ে দেন মোইসে কেন। বিরতির চার মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাস্তোনি। তারপর পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় বসনিয়।

বিরতির আগের পাঁচ মিনিট ও দ্বিতীয়ার্ধ দশজনের ইতালি দলকে বেশ ভুগিয়েছে বসনিয়া। ৭৯ মিনিটে হারিস তাবাকোভিচের গোলে ১-১ সমতায় আসে স্বাগতিকেরা। পরে ওই ব্যবধানে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। যোগ করা সময়ের পর পেনাল্টিতে নিজেদের ধরে রাখতে পারেনি ইতালি। পরে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে বিশ্বকাপে খেলা হল না দলটির।

দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তুরস্ক। বাছাইপর্বে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েছে দলটি। ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কেরেম আকতুরকোগলু।

নাটকীয় ম্যাচ খেলে বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। শেষ মুহূর্তে ভিক্টর গিয়োকোরেসের গোলে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় সুইডেনের। সুইডেনের প্রথম গোল করেন অ্যান্থনি এলাঙ্গা, পোল্যান্ডকে সমতায় আগে নিকোলা জিয়েলিস্কি। ৪৪ মিনিটে গুস্তাফ ল্যাগারবিয়েলকে সুইডেনকে আবারও এগিয়ে দেন, বিরতির ঠিক পরে ক্যারল সুইডারস্কি পোল্যান্ডকে আবারও সমতায় আনেন। ৮৮ মিনিটে গিয়োকোরেস জয়সূচক গোল করেন।

ইউরোপ থেকে শেষ জায়গাটি নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। প্রাগের ইপেট অ্যারেনায় ডেনমার্কের বিপক্ষে ২-২ গোলের ড্র হওয়ার পর পেনাল্টিতে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে চেকিয়া’রা।

ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে কঙ্গো। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন অ্যাক্সেল টুয়ানজেবে। ওই গোলই কঙ্গোর ভাগ্য নির্ধারণ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে, বাদ পড়ে জ্যামাইকা।

Scroll to Top