ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমের প্রথম রাউন্ডে ওয়েস্ট হামের কাছে ২-০তে হেরেছিল লিভারপুল। প্রতিপক্ষের বিপক্ষে আট ম্যাচে প্রথম হার ছিল সেটি। এবার লিগের ফিরতি লেগে বড় জয় তুলে নিয়েছে অলরেডরা। তাতে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে লিভারপুলের।
অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হামের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লিভারপুল। প্রথামার্ধেই সফরকারীদের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। গোল করেন হুগো একিতিকে, ভার্জিল ফন ডাইক ও ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলের পর নিজেদের জলে উল্টো পাঠালেও বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
ঘরে মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল বেশি লিভারপুলেরই। ৪৯ শতাংশ বল দখলে রাখা লিভারপুল মোট শট নিয়েছে ১৮টি, এরমধ্যে লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ১১টি শট নিয়ে চারটি গোলমুখে রাখে ওয়েস্ট হাম।
লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। লিগ টেবিলেও একটু উন্নতি হলো তাদের।
জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের সেরা পাঁচে ফিরেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এখন তাদের নাগালে। অন্যদিকে, রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হামের এই ম্যাচ শেষেও ১৮ নম্বরে, ২৮ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৫।





