টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩য় তলা থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী মনিরুজ্জামান মারা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসায় দুর্ঘটনাটি ঘটে।
মনিরুজ্জামান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান রাতে তার ভাড়া বাসার বারান্দায় অবস্থান করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন । পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইসিটি বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
মনিরুজ্জামানের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।


