
ঝিনাইদহ, ৮ মার্চ – ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাজ ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে নিরব আহমেদ মোটরসাইকেলের জন্য তেল নিতে ওই পাম্পে যান। বোতলে তেল চাওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রথমে কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই সোহেল হোসেন জানান, তার ভাই অত্যন্ত সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন। সামান্য তর্কের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন অপর একটি পাম্পে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএন/ ৮ মার্চ ২০২৬





