জ্বালাময়ী বক্তব্যে এবার সংসদ কাঁপাবেন যারা | চ্যানেল আই অনলাইন

জ্বালাময়ী বক্তব্যে এবার সংসদ কাঁপাবেন যারা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের সংসদ অধিবেশনের কথা উঠলেই প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের চেয়ে বেশি মনে পড়ে বিতর্কিত ও জ্বালাময়ী বিভিন্ন বক্তব্য দেয়া বিভিন্ন সময়ের এমপিদের কথা। যাদের মধ্যে কেউ কেউ ত্রয়োদশ জাতীয় নির্বাচনী জয়ী হয়ে আবারও সংসদে যাচ্ছেন।

এবারের সংসদ অধিবেশনে তাদের বক্তব্য শোনার জন্য অধীর দেশবাসী। এর বাইরে প্রথমবারের মত সংসদে গিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন এমন কয়েকজন সাংসদও রয়েছেন এবারের সংসদে। যুক্তি-তর্ক আর বিতর্কে যারা সংসদে ঝড় তুলতে পারেন- তাদের কয়েকজনের কথা জানা যাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ ১৯ মাস ধরে সংসদবিহীন ও রাজনীতির দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

২০২৪ সালের ৬ আগস্ট দ্বাদশ সংসদ বিলুপ্ত হওয়ার ৫৮৩ দিন পর শুরু হতে যাওয়া এই অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে রয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে আলোচিত কিছু প্রার্থীর প্রতিই মানুষের আগ্রহ যেন বেশি।

তাদের অন্যতম বিএনপির একসময়ের দাপুটে নেত্রী ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী প্রার্থী হিসেবে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হন তিনি। স্বল্পসময় সংসদে থাকলেও যুক্তি তর্কে তুখোড় এই রাজনীতিবিদ জ্বালাময়ী বক্তব্যে কাঁপিয়েছেন সংসদ। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায় নিয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর তার বিভিন্ন ধরনের বক্তব্য ব্যাপক আলোচিত-সমালোচিত হচ্ছে। এবারের সংসদে তুখোড় এই আইনজীবী সংসদের পয়েন্ট অব অর্ডারে ঝড় তুলবেন-এমনটা প্রায় নিশ্চিতই।

বাংলাদেশের মহান জাতীয় সংসদ

সংসদে গঠনমূলক সমালোচনা ও যুক্তি-তর্ক আর তথ্যে মানুষের মন জয় করে নেয়া আরেক স্বনামধন্য এমপি বিএনপি-জোটের হয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ। ২০০৮ নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে ঝড় তুলেছিলেন এই রাজনীতিবিদ। এবারের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে মন্ত্রীসভায় না দেখে অনেকেই অবাক হয়েছেন। মন্ত্রীসভায় জায়গা না পেলেও বলিষ্ঠ এই রাজনীতিবিদের তুখোড় বক্তব্য সংসদে উপভোগের অপেক্ষায় দেশবাসী।

নির্বাচনের আগেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখে দেশজুড়ে আলোচনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই এমপি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন-এমন আশা করেছিলেন অনেকে। মন্ত্রিপরিষদে না থাকলেও সংসদে গিয়ে মুক্তিযুদ্ধ ইস্যুতে বক্তৃতায় সরব থাকবেন-এমন ভাবনা অমূলক নয়।

এবারের সংসদে যেসব নতুন মুখ এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কুমিল্লা ৪ থেকে বিপুল ভোটে নির্বাচিত এনসিপি-জামায়াত জোটের হাসনাত আবদুল্লাহ। চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই তরুণের আওয়ামী লীগ ও প্রতিবেশি দেশ ভারত নিয়ে দেয়া বিভিন্ন বক্তব্য ব্যাপক আলোচিত-সমালোচিত। আসছে অধিবেশনে প্রতিপক্ষকে ঘায়েল করতে সংসদে আরও জ্বালাময়ী বক্তব্য দিয়ে নিজেকে আলোচনা-সমালোচনায় মুখোর রাখবেন এমন আন্দাজ করাই যায়।

নোয়াখালী ৬ থেকে নির্বাচিত এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গত দেড় বছরে ছিলেন আলোচনা-সমালোচনার তুঙ্গে। ছিল বিতর্কিত বক্তব্যও। আসছে সংসদ অধিবেশনগুলোতে প্রতিপক্ষের আক্রমণে কতটা জবাব দিতে পারেন তা-ও দেখার বিষয়।

ধর্মীয় ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কিত ও আলোচিত আমীর হামজা। এবারের নির্বাচনে কুষ্টিয়া-৩ থেকে জামাতের প্রার্থী হয়ে এমপি হয়েছেন তিনি। সংসদে এই মুফতি কী রকম বক্তব্য রাখেন, তা শুনতেও সজাগ নেটিজেনরা।

আলোচিত, সমালোচিত ও বিতর্কিত এসব এমপিদের বাইরেও স্বতন্ত্রসহ বিএনপি-জামায়াতের আরও বেশকিছু এমপি যে সংসদে যুক্তি তর্কের ঝড় তুলবেন, তা বলাই যায়। তবে, সব ভাবনা ছাড়িয়ে সবার চোখ আগামীকালের অধিবেশনে।

এদিন না হলেও পরে প্রথম সুযোগেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে সংসদ।

Scroll to Top