জ্বালানি মজুদ করে লেখা ছিল ‘তেল নেই’, ফিলিং স্টেশন সিলগালা | চ্যানেল আই অনলাইন

জ্বালানি মজুদ করে লেখা ছিল ‘তেল নেই’, ফিলিং স্টেশন সিলগালা | চ্যানেল আই অনলাইন

গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে ‘পাম্পে তেল নেই’ বলে বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়।

এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফিলিং স্টেশনটির জব্দকৃত তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top