জ্বালানি খাতে টেকসই সমাধান চাইলে কেবল নীতিগত পরিবর্তন নয়, পুরো কাঠামোগত সংস্কার জরুরি। বিদ্যমান কাঠামোর মধ্যে থেকে কাজ করলে ভিন্ন ফল আসবে না।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তা ও জনবান্ধব জ্বালানিনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আলোচনা সভার আয়োজক গণসংহতি আন্দোলন।
আলোচনা সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের বর্তমান কাঠামো এমনভাবে দাঁড়িয়েছে যে এখানে সংকটের সময় সুবিধাভোগী গোষ্ঠীগুলোকে সন্তুষ্ট রাখার প্রবণতা কাজ করে। ফলে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু কাঠামোগত সমস্যাগুলো অক্ষত থেকে যায়।



