জেলবন্দি শ্রমিকদের মুক্তির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, তেল সরবরাহ শুরু – DesheBideshe

জেলবন্দি শ্রমিকদের মুক্তির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, তেল সরবরাহ শুরু – DesheBideshe

জেলবন্দি শ্রমিকদের মুক্তির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, তেল সরবরাহ শুরু – DesheBideshe

রংপুর, ২৯ মার্চ – কারাগারে আটক তিন শ্রমিকের মুক্তির আশ্বাসে ১২ ঘণ্টা পর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এর ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হুসাইন রাজু ও অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস সোমবারের মধ্যে বন্দি শ্রমিকদের মুক্তির আশ্বাস দেন।

সভায় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কারাদণ্ড দেওয়ায় শ্রমিকরা সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু করেন। এতে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল।

গত শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি লরি নীলফামারী যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। সে সময় নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরির কেবিন থেকে ১৩ লিটার জ্বালানি তেল উদ্ধারের ঘটনায় ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাতকে অবৈধ পাচারের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এর প্রতিবাদেই মূলত শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

এনএন/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top