
ঢাকা, ০৭ অক্টোবর-দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। এর আগে প্রতি লিটারের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে।
বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসক ছাড়া) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এ দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬



