জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের – DesheBideshe

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের – DesheBideshe

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের – DesheBideshe

ঢাকা, ১৮ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য এই ডিপার্টমেন্ট কাজ করবে। রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং দলমত নির্বিশেষে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি অতীতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দেখভাল করাও রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করে দলটি।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক আর বেদনার পুনরাবৃত্তি চলতেই থাকবে। তাই এখন প্রয়োজন গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা।

তিনি আরও বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের ব্যাপারে গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



Scroll to Top