জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। তিনি অভিযোগ করেন, এখন জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, যা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে। এই অপচেষ্টাকে জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকল বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাঁটোয়ারায় ব্যস্ত।’
জামায়াতের আমিরের দাবি, অভ্যুত্থানের সময় যখন আন্দোলনকারীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন দলমতের ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামী সবার পাশে ছিল।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে। এর মূলোৎপাটন করতে হবে।’
দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াত প্রস্তুত বলেও জানান ডা. শফিকুর রহমান।


