
ঢাকা, ৩ সেপ্টেম্বর – রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই কঠোর বার্তা প্রদান করেন।
প্রশাসক হকারদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান। তবে বিকল্প হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর একটি নির্দিষ্ট সময় নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, মতিঝিলে বিকেল ৪টার পর থেকে হকাররা বসতে পারবেন।
সপ্তাহে প্রতিদিন সব জায়গায় তাদের বসতে দেওয়া সম্ভব নয় এবং এটি তাদেরও মেনে নিতে হবে। এছাড়া পরিচ্ছন্নতা বজায় রেখেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।
পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে জানিয়ে আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরীর সব ফ্লাইওভারের নিচেও গাছ লাগানো হবে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করে দেন তিনি।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬
