নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটি গতকাল বিকেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা। এরপর ৯ নভেম্বর বিসিবি অভিযোগ তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যেটিতে পরে যুক্ত করা হয় আরও দুজন সদস্য। বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার প্রধান ব্যরিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, অধ্যাপক ড. নাঈমা হক ও বিসিবি মহিলা উইংয়ের প্রধান রুবাবা দৌলা।

